বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রথম বিদেশি কার্যালয় চীনে আগামী তিন মাসের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সম্প্রতি চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে চীনা গণমাধ্যম সিজিটিএন।
আশিক চৌধুরী বলেন, চীনে বিডার কার্যালয় চালু হলে দেশটির বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। একই সঙ্গে যোগাযোগ, প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারা বাড়তি সুবিধা পাবেন।
তিনি বলেন, গত পাঁচ বছরে চীন বাংলাদেশে বিদেশি বিনিয়োগের অন্যতম বড় উৎসে পরিণত হয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বিডা চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ সেবাব্যবস্থা তৈরি করেছে এবং তাদের জন্য আলাদাভাবে কাজ করছে।
আরও পড়ুন: নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার
আশিক চৌধুরী জানান, গত বছরের শেষ দিকে বিডার অধীনে বিশেষ ‘চায়না ডেস্ক’ চালু করা হয়েছে। এই ডেস্কের কর্মকর্তারা শুধু চীনা বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহায়তা ও সেবা দেওয়ার দায়িত্ব পালন করছেন। চীনা বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট সহায়তা কাঠামো তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিনের সংস্কার কর্মসূচির অংশ হিসেবে চীনে বিডার কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। গত মার্চে আশিক চৌধুরী জানিয়েছিলেন, এই কার্যালয়ের মাধ্যমে চীনে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা আরও দৃশ্যমান হবে এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের সুযোগ তৈরি হবে।
সে সময় তিনি জানিয়েছিলেন, আগামী ছয় মাসের মধ্যে কার্যালয়টির কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশের বাইরে কোনো কার্যালয় স্থাপন করতে যাচ্ছে বিডা।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে আরও ১ হাজার ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে: প্রযুক্তিমন্ত্রী
চীনা বিনিয়োগের একটি অংশ বাংলাদেশে আনা এবং বিনিয়োগকারীদের দীর্ঘদিনের বিভিন্ন জটিলতা উৎস পর্যায়েই সমাধান করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
এদিকে, চীনা বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে অবকাঠামো খাতে ১৩টি অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প চিহ্নিত করেছে বিডা। এর মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিডার মতে, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে চীনা বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।
বিডার বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে বাংলাদেশে বেসরকারি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের (এফডিআই) ক্ষেত্রে সৌদি আরবের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। এ সময়ে মূল ভূখণ্ড চীন থেকে ৪ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং হংকং থেকে ১৭৩ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে।

