আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পরিচালনা, দ্রুত তথ্য আদান-প্রদান এবং জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক যোগাযোগ নিশ্চিত করতে বিশেষ ‘পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ’ (কন্ট্রোল রুম) চালু করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। রাজধানীর বকশিবাজারে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে এই নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পরীক্ষা-সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য নিয়ন্ত্রণ কক্ষের দাপ্তরিক ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, আলিম পরীক্ষা চলাকালে তথ্য আদান-প্রদান ও তাৎক্ষণিক যোগাযোগের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কেন্দ্র সচিবরা সরাসরি এসব নম্বরে যোগাযোগ করতে পারবেন।
আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর ৫ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব প্রধানমন্ত্রীর
নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগাযোগ নম্বর হলো—পরীক্ষা নিয়ন্ত্রক: ০২-৫৮৬১০২০২, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (পরীক্ষা): ০১৭১২-৮০৭৯৫০, পরীক্ষা শাখার সংযুক্ত সহকারী পরিদর্শক: ০১৬৭৯-৮৫২৯৬৫, চুক্তিভিত্তিক পরামর্শক: ০১৭১৩-০৬৮৯০৯, আলিম পরীক্ষা শাখার সংযুক্ত সহকারী পরিদর্শক: ০১৭১৬-৫১০৪৮৮ এবং পরীক্ষা নিয়ন্ত্রকের ব্যক্তিগত সহকারী (পিএ): ০১৭৭৭-৮১৬২৮২।
আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেবে।
এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নেবে।
সব মিলিয়ে এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন এবং পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি।

