বাংলাদেশকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব

জিটি রিপোর্ট

প্রকাশ:

 প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাত
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাত|ছবি: সংগৃহীত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ এ ঘোষণা দেন।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বলেন, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা ও উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী সৌদি আরব। এ সময় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও দুই পক্ষের মধ্যে আলোচনা হয়।

আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

রাষ্ট্রদূত জানান, সৌদি সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, এ উদ্যোগের বিষয়টি ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হয়েছে।

বৈঠকে সৌদি আরবে দক্ষ বাংলাদেশি জনশক্তি রপ্তানির সুযোগ সম্প্রসারণ, শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশ আরও সহজ করা এবং নিয়োগ প্রক্রিয়ার বিদ্যমান জটিলতা দূর করার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া হজ ও ওমরাহ ব্যবস্থাপনা, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষের প্রতিনিধিরা।

বৈঠকে উল্লেখ করা হয়, বর্তমানে সৌদি আরবে প্রায় ৩৮ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তারা দেশটির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই পাবেন যেসব স্কলারশিপ

উভয় পক্ষই বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও শক্তিশালী করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে সৌদি প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ভাইস অ্যাম্বাসেডর খালিদ সাঈদ এম. আল হাদাল এবং ডেপুটি হেড অব দ্য কনস্যুলার সেকশন মুহাম্মদ ফাহাদ ধি আল সুহাইমিও উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!