বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল ও আলিম স্তরে প্রচলিত ‘সাধারণ শাখা’র নাম পরিবর্তন করে ‘মানবিক শাখা’ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মানবিক শাখার সঙ্গে সামঞ্জস্য আনা এবং শিক্ষার্থীদের শিক্ষাগত পরিচিতি আরও স্পষ্ট করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নাম পরিবর্তন হলেও সংশ্লিষ্ট শাখার শিক্ষাক্রম, পাঠ্যসূচি, বিষয় কাঠামো, নম্বর, মূল্যায়ন পদ্ধতি, পরীক্ষা-সংক্রান্ত নিয়ম কিংবা শিক্ষাগত যোগ্যতায় কোনো পরিবর্তন আসবে না।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত ২৬ জুলাই অনুষ্ঠিত বোর্ডের অ্যাকাডেমিক কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বোর্ড জানিয়েছে, ‘সাধারণ শাখা’র পরিবর্তে শুধু ‘মানবিক শাখা’ নামটি ব্যবহার করা হবে। বর্তমান শিক্ষা ও মূল্যায়ন কাঠামো অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন: ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্ষেত্রে অ্যাকাডেমিক, দাপ্তরিক ও প্রশাসনিক সব কার্যক্রমে ‘সাধারণ শাখা’র পরিবর্তে ‘মানবিক শাখা’ নাম ব্যবহার করতে হবে।
এ জন্য দেশের সব মাদ্রাসা, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রয়োজনীয় কার্যক্রমে নতুন নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে যেসব শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ইতোমধ্যে ‘সাধারণ শাখা’ নামে সম্পন্ন হয়েছে, তাদের ক্ষেত্রে পূর্বের রেজিস্ট্রেশন অনুযায়ী ওই নামই বহাল থাকবে। নতুন নামটি মূলত ২০২৭ সাল থেকে দাখিল ও আলিম পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে।

