এলএলবি পরীক্ষার বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

৭ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন|ছবি: জিটি

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক এলএলবি প্রিলিমিনারি ও শেষ পর্ব পরীক্ষার ফি অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন ঢাকা ল’ কলেজের সাধারণ শিক্ষার্থীরা। পরীক্ষার ফি কমানোসহ সাত দফা দাবি বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেন তারা।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ঢাকা ল’ কলেজের সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: এইচএসসি ভোকেশনাল চালু ১৩ কারিগরি কলেজে, দেখুন তালিকা

বোরহান উদ্দিন সিহাবের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুজন মাহমুদ, শান্ত, তসলিমা, সাইফুল ইসলাম আল-আমিনসহ শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কোনো সুনির্দিষ্ট ও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই জাতীয় বিশ্ববিদ্যালয় এলএলবি প্রিলিমিনারি ও শেষ পর্ব পরীক্ষার ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এ বর্ধিত ফি সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে।

সমস্যা সমাধানে শিক্ষার্থীরা সাত দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—এলএলবি প্রিলিমিনারি ও শেষ পর্ব পরীক্ষার বর্তমান প্রতি পত্র ১ হাজার ২০০ টাকা ফি প্রত্যাহার করে সর্বোচ্চ ৫০০ টাকার মধ্যে পুনর্নির্ধারণ, ২০২৫ ও ২০২৬ সালে অতিরিক্ত আদায় করা অর্থ সমন্বয় বা ফেরতের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং পরীক্ষার ফি বৃদ্ধির যৌক্তিকতা ও খাতভিত্তিক ব্যয়ের পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ।

আরও পড়ুন: মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহে

এ ছাড়া ভবিষ্যতে ফি বৃদ্ধির আগে শিক্ষার্থী প্রতিনিধি, আইন কলেজ ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে আলোচনা, পরীক্ষার ফরম পূরণের সময় বিভিন্ন খাতে নেওয়া অর্থের নির্ধারিত হার ও ব্যবহার প্রকাশ, অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ফিতে বিশেষ ছাড় বা আর্থিক সহায়তা এবং এলএলবি পরীক্ষার ফি নির্ধারণে স্থায়ী, স্বচ্ছ ও শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা সংঘাত বা বিশৃঙ্খলা চাই না; আমরা চাই আলোচনা, স্বচ্ছতা ও ন্যায়সংগত সমাধান।’ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্টদের প্রতি ৩ কার্যদিবসের মধ্যে সাত দফা দাবি মেনে নিয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তারা।

নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও আইনানুগভাবে আরও কঠোর ও ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!