বাগেরহাটের গুলিশাখালী ফাজিল মাদরাসার প্রশাসনিক, আর্থিক ও অ্যাকাডেমিক কার্যক্রম পরিদর্শন করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ফয়সাল আহমেদ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিদর্শন শেষে মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা সভায় আয়োজন করা হয়।
মাদরাসার গভর্নিং বডির সভাপতি মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজি মো. শহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যরা।
আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে চালু হচ্ছে ল্যাংগুয়েজ ক্লাব
প্রধান অতিথির বক্তব্যে মো. ফয়সাল আহমেদ শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত পাঠদান, শিক্ষকদের দায়িত্বশীলতা, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে তিনি মাদরাসার বিভিন্ন শ্রেণিকক্ষ, অফিস কক্ষ, লাইব্রেরি ও অ্যাকাডেমিক কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম তদারকি করেন।

