ই-রিকুইজিশনে ভুল তথ্য: ২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

ই-রিকুইজিশনে অসঙ্গতি
ই-রিকুইজিশনে অসঙ্গতি|ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য ই-রিকুইজিশনে (শূন্য পদের চাহিদা) ভুল তথ্য দেওয়া এবং যাচাইয়ের জন্য নির্ধারিত সময়ে তথ্য না দেওয়ায় দেশের ২৩৭টি কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১৬ জুন) মাউশির কলেজ শাখা-৩ (বেসরকারি কলেজ) থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

মাউশি জানিয়েছে, ভুল চাহিদা দেওয়ার কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে। পাশাপাশি ভুল পদে নিয়োগ পাওয়া প্রার্থীরা এমপিওভুক্তির সময় নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

আরও পড়ুন: ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৯টি শিক্ষা অঞ্চলের ২ হাজার ৩৩৭টি কলেজ পর্যায়ের শূন্যপদের তথ্য যাচাই করা হয়। এর মধ্যে ২ হাজার ১০০টি পদের তথ্য সঠিক পাওয়া গেলেও ২৩৭টি পদের চাহিদায় অসঙ্গতি পাওয়া গেছে।

যাচাইয়ে দেখা গেছে, চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি ১২১টি ভুল চাহিদা দেওয়া হয়েছে। এছাড়া বরিশালে ৩৯টি, খুলনায় ৩৮টি, রাজশাহীতে ১৪টি, রংপুরে ১১টি, ঢাকায় ৫টি, সিলেটে ৪টি, ময়মনসিংহে ৩টি এবং কুমিল্লায় ২টি পদের তথ্য ভুল পাওয়া গেছে।

মাউশি জানায়, প্যাটার্ন বহির্ভূত পদে চাহিদা দেওয়া, পর্যাপ্ত শিক্ষার্থী না থাকা, মামলা চলমান পদে চাহিদা পাঠানো, শিক্ষক প্রাপ্যতা না থাকা এবং যাচাইয়ের সময় প্রয়োজনীয় তথ্য না দেওয়ার মতো কারণে এসব ভুল হয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বরাদ্দ ৫৭ হাজার ৩০১ কোটি টাকা

এ ঘটনায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১৮.১ (ঘ) অনুযায়ী কেন সংশ্লিষ্ট অধ্যক্ষদের বিরুদ্ধে এমপিও স্থগিত বা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট অধ্যক্ষদের আগামী ১০ কর্মদিবসের মধ্যে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে জবাব দিতে নির্দেশ দিয়েছে মাউশি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!