চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব (ট্যাবলেট কম্পিউটার) উপহার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ বাড়াতেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, ‘এটা খুবই চমকপ্রদ বিষয়। প্রধানমন্ত্রীই আমাদের বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ যেন আরও বেড়ে যায়, তারা যেন লেখাপড়া ঠিকমতো করে, সে জন্যই তিনি ১ লাখ ১৬ হাজার ট্যাব দেওয়ার জন্য চিন্তা করেন।’
আরও পড়ুন: দাখিল-আলিমের ‘সাধারণ শাখা’র নাম বদলে ‘মানবিক’, পরিবর্তন হচ্ছে না পাঠ্যসূচি
মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করতে বিশেষ উপহারের পরিকল্পনার কথাও জানান ড. এহছানুল হক। তিনি বলেন, দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক স্কুল রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রতিটি ক্লাসে মেয়েদের শিক্ষায় আরও উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী তাদের জন্যও উপহারের কথা বলবেন। তাদের ‘পিংকি মোটরসাইকেল’ দেওয়া হবে বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগে বিলম্ব হচ্ছে জটিলতার কারণে। বিষয়টি মঙ্গলবারের এজেন্ডায় রয়েছে এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
আরও পড়ুন: এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর, থাকবে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা
তিনি জানান, বাজেট বরাদ্দ থেকে শুরু করে প্রায় ৭৭ হাজার শিক্ষক নিয়োগ, তাদের পরীক্ষা আয়োজনসহ সামগ্রিক বিষয় কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে আলোচনা চলছে।
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। এবার শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ করা হয়েছে এবং ভবিষ্যতে তা ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। তাঁর দাবি, এ ধরনের বড় পরিসরে শিক্ষায় বিনিয়োগ এর আগে কোনো সরকার করেনি।

