এসএসসি পরীক্ষার ফলাফলকে ‘ড্রপ’ বলা ঠিক নয় মন্তব্য করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, জোর করে কাউকে পাস করানো যায় না।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসির ফলে ড্রপ হয়েছে, এটা বলা যায় না। কারণ জোর করে কি ফল করানো যায়? জোর করে পাস করানো যায়?’
আরও পড়ুন: এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, মাসে ২৫০০ টাকা করে দেবে ২ বছর, আবেদন যেভাবে
তিনি বলেন, শিক্ষাখাতে নানা সংকট থাকা সত্ত্বেও এবারের ফলাফল অবশ্যই ভালো। দীর্ঘদিনের সংকটের প্রভাব মাত্র পাঁচ মাসের ফলাফলে তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
এহছানুল হক মিলন বলেন, ‘এই নাম্বার কি শিক্ষার্থীরা পাঁচ মাসে পেয়েছে? দীর্ঘদিনের সংকটের ফল এটি।’
শিক্ষাব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে নিয়ে কাজ করছি। গত ২০ বছরে আমরা আরও পিছনের দিকে এসেছি। শিক্ষক সংকট ভয়াবহ।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, আলোচনার টেবিলে থাকা কোনো রেজুলেশন রাষ্ট্রীয় চূড়ান্ত সিদ্ধান্ত নয়। যাচাই-বাছাই না করে শিক্ষার্থীরা যাতে কোনো উসকানিতে পা না দেয়, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
আরও পড়ুন: বিশ্বসেরা ৩০ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট
তিনি জানান, ৭৭ হাজার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাছাই শেষে নিয়োগ প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
শিক্ষকদের দায়িত্বের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা বেতন-ভাতা নেবেন, কিন্তু রেজাল্ট জিরো হবে—তা হতে পারে না।’
শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

