কাল বিশেষ ব্যবস্থায় এইচএসসি পরীক্ষায় বসছেন ১৮ শিক্ষার্থী

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

রাজশাহী বোর্ড
রাজশাহী বোর্ড|ছবি: সংগৃহীত

বগুড়া ও নাটোরের দুটি কলেজের প্রবেশপত্র না পাওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষা দিতে না পারা ১৮ শিক্ষার্থী আগামী শনিবার (৪ জুলাই) বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় অংশ নিতে পারবে। এ লক্ষ্যে বিশেষ ব্যবস্থায় শুক্রবার (৩ জুলাই) তাদের নিবন্ধন সম্পন্ন করবে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী এবং নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ শিক্ষার্থী এ সমস্যার মুখে পড়ে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ফরম পূরণের টাকা কলেজের অফিস সহকারী ও কম্পিউটার অপারেটরের কাছে জমা দিলেও তা বোর্ডে জমা পড়েনি। তাই আমাদের প্রবেশপত্র ইস্যু হয়নি। ফলে বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি আমরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

আরও পড়ুনঃ আজ শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশনা

আব্দুলপুর সরকারি কলেজের ভুক্তভোগী শিক্ষার্থী ইসরাত জাহান সূচি বলেন, অনলাইনে ফরম পূরণে জটিলতা হওয়ায় আমি অফিস সহকারী অমিত কুমার সরকারের সাথে যোগাযোগ করি। তিনি ৩ হাজার ৫০০ টাকা নেন। পরীক্ষার আগের দিন থেকে তার ফোন বন্ধ এবং তিনি কলেজেও আসেননি। পরে জানতে পারি আমার ফরমই পূরণ করা হয়নি।

একইভাবে প্রতারণার শিকার হয়েছেন আরও সাত শিক্ষার্থী। ভুক্তভোগীরা হলেন- সবুজ আহম্মেদ, শিমুল শেখ, আকিবুল, শিমুল, শাওন, সাব্বির এবং তানভির হোসেন।

এ বিষয়ে আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহমুদুর রহমান বলেন, অভিযুক্ত অফিস সহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অধ্যক্ষ জানান, টাকা দেওয়া শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন নির্বাচনি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কলেজ কর্তৃপক্ষই তাদের পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেয়নি।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। মূল কাজটা কিন্তু কলেজেই হয়। অসাধু কিছু মানুষের জন্য হয়তো হয়নি। তবে তাদের আজ রেজিস্ট্রেশন হবে। আগামীকালের (শনিবার) পরীক্ষায় তারা অংশ নিতে পারবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!