কারিগরি শিক্ষার্থীদের উপবৃত্তি সংক্রান্ত তথ্য এন্ট্রির সময় বাড়ল

জিটি ডেস্ক

প্রকাশ:

উপবৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য এন্ট্রি ও আপডেটের সময়সীমা বাড়িয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর
উপবৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য এন্ট্রি ও আপডেটের সময়সীমা বাড়িয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর|ছবি: সংগৃহীত

দেশের কারিগরির বিভিন্ন শিক্ষাক্রমের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে তথ্য এন্ট্রি ও আপডেটের সময়সীমা আগামী ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার (১০ মে) কারিগরি অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি), এসএসসি ও দাখিল (ভোকেশনাল) এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির (ভোকেশনাল) নতুন শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং বিদ্যমান শিক্ষার্থীদের তথ্য আপডেট করার কাজ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এখনো শেষ করতে পারেনি। এ কারণে উপবৃত্তিবিষয়ক কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার গুণগত মানোন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: শিক্ষামন্ত্রী

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো ১০ থেকে আগামী ১৪ মে পর্যন্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ও আপডেটের সুযোগ পাবে। পরবর্তীতে আঞ্চলিক পরিচালকের কার্যালয় থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে কারিগরি শিক্ষা অধিদপ্তরে চূড়ান্ত তথ্য পাঠানোর সর্বশেষ তারিখ ১৮ মে নির্ধারণ করা হয়েছে।

অধিদপ্তরের পরিচালক (পিআইইউ) প্রকৌশলী মো. মাকসুদুর রহমান জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তথ্য হালনাগাদ নিশ্চিত করতে দেশের সব পলিটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও কারিগরি সহায়তার জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.techedu.gov.bd দেখার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!