পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন ২০২৭ সালের ১৫ বা ১৬ মার্চ অনুষ্ঠিত হতে পারে। রাষ্ট্রপতির কার্যালয়ের সাথে পাবিপ্রবি প্রশাসনের আলোচনা সাপেক্ষে এই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এ বিষয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সাক্ষাতকালে উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। এ সময় জানানো হয়, বর্তমানে বিশ্ববিদ্যালয়টির আয়তন ৩০ একর এবং ৫টি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণ এবং চাকরির বাজারের চাহিদা রয়েছে এমন নতুন বিষয় (সাবজেক্ট) খোলার বিষয়ে রাষ্ট্রপতির সাথে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং সার্বিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ও বৈঠকে স্থান পায়।

