এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের সংশোধিত ফল একাদশ শ্রেণির ভর্তি আবেদনের পোর্টালে হালনাগাদ করা হয়েছে। ফলে এসব শিক্ষার্থী নতুন করে আবেদন বা আগে করা আবেদন সংশোধন করতে পারবেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় একাদশ শ্রেণির ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী এখনো আবেদন করেনি, তারা সংশোধিত ফলের ভিত্তিতে আবেদন করতে পারবে। আর যারা ইতোমধ্যে আবেদন করেছে, তারাও প্রয়োজন অনুযায়ী আবেদন পরিমার্জন করতে পারবে।
একাদশ শ্রেণিতে অনলাইনে আবেদনের সময়সীমা আগামী রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টা পর্যন্ত। একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ করতে পারবে। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে।
আরও পড়ুন: এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ: নতুন করে পাস ৪০৮৫, জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী
একাদশে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আগামী ১৬ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। নির্বাচিতদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।
পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে।

