প্রাথমিকে এক স্কুলে ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই পেল বৃত্তি

জিটি রিপোর্ট

প্রকাশ:

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি পেয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি পেয়েছে|ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মোট ৫৩ শিক্ষার্থী অংশগ্রহণ করে। গত রবিবার (১২ জুলাই) প্রকাশিত ফলাফলে দেখা যায়, অংশ নেওয়া ৫৩ শিক্ষার্থীর মধ্যে ৫২ জনই বৃত্তি অর্জন করেছে।

এমন সাফল্যে বিদ্যালয়জুড়ে বইছে আনন্দের আবহ। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উচ্ছ্বাস ও সন্তুষ্টির অনুভূতি ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: বৃত্তি পেয়েছে ৭৯,২৪৬ শিক্ষার্থী

বিদ্যালয়ের প্রধান শিক্ষক লতিফা হক বলেন, ‘বিদ্যালয়ে ২০২৫ সালে ২ শিফটের ৩টি শাখায় ১৪৫ শিক্ষার্থী ছিল। এর মধ্যে নিয়মানুযায়ী ৫৮ শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করে। এর মধ্যে বৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৫৩ জন।

'প্রকাশিত ফলাফলে দেখা, যায় ৫৩ জনের মধ্যে ৫২ জনই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৪০ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ১২ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী মাত্র ১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেনি। তার ফলের বিষয়টি চ্যালেঞ্জের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

আরও পড়ুন: মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব স্কুল-কলেজ, প্রতিটি ক্লাসরুমে বসবে সিসিটিভি ক্যামেরা

প্রধান শিক্ষক আরও বলেন, মডেল বিদ্যালয়ের ভালো ফলাফল করা নতুন কোনো বিষয় নয়। ভালো পড়াশোনার জন্য বিদ্যালয়ের সুনাম রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বলেন, ‘জেলার এবার প্রাথমিকে বৃত্তির ফলাফল ভালো। জেলায় ৭০৬টি এবং সদর উপজেলায় ২১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে মডেল বিদ্যালয় ২০২৫ সালে প্রাথমিকের বৃত্তিতে ভালো ফল করেছে। জেলায় এবার ৯৬৩ জন এবং সদর উপজেলায় ৩৩৬ জন বৃত্তি লাভ করেছে।’

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!