প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করতে ক্ষুদ্র গবেষণা কার্যক্রমের জন্য শিক্ষকদের সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। ২০২৬–২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় এ গবেষণা কার্যক্রম পরিচালিত হবে।
সম্প্রতি নেপের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীরা আগামী ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রতিটি গবেষণা প্রকল্পের জন্য সর্বোচ্চ ২ লাখ টাকা অনুদান দেওয়া হবে। প্রাথমিক শিক্ষাসংশ্লিষ্ট পাঁচটি নির্ধারিত বিষয়ের ওপর গবেষণা প্রস্তাব জমা দেওয়া যাবে।
আরও পড়ুন: শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা প্রধানমন্ত্রীর
গবেষণার বিষয়গুলো হলো— শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজিতে মৌলিক সাক্ষরতা উন্নয়ন, গণিতের জটিল বিষয় শেখানোর কৌশল, পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) প্রশিক্ষণের কার্যকারিতা, প্রাক্-প্রাথমিক ও প্রাথমিক শিক্ষাক্রমের সামঞ্জস্য এবং প্রাথমিক শিক্ষা প্রশাসনের কার্যক্রম সহজীকরণ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছরে পরীক্ষামূলক গবেষণাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। গবেষণা পরিচালনার জন্য একজন টিম লিডারের নেতৃত্বে এক বা একাধিক সহযোগী গবেষক নিয়ে দল গঠন করতে হবে।
এ গবেষণা দলে পিটিআই, ইউপিইটিসি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গবেষক হিসেবে অংশ নিতে পারবেন।

