প্রধান শিক্ষকের ব্যাগে মিড-ডে মিলের ডিম-রুটি, তদন্তে তিন সদস্যের কমিটি

জিটি রিপোর্ট

প্রকাশ:

প্রধান শিক্ষকের ব্যাগে পাওয়া রুটি
প্রধান শিক্ষকের ব্যাগে পাওয়া রুটি|ছবি: সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ব্যাগে শিক্ষার্থীদের জন্য বরাদ্দ মিড-ডে মিল কর্মসূচির ডিম ও রুটি পাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

শনিবার (২৭ জুন) বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নজরে আসার পর উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের রানিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটির পর প্রধান শিক্ষক রেশমা আক্তার বাড়ি ফেরার সময় স্থানীয় কয়েকজন তার ব্যাগ তল্লাশি করেন। এ সময় ব্যাগ থেকে শিক্ষার্থীদের জন্য সরকারি বরাদ্দের দুই ডজন ডিম ও ২২টি রুটি উদ্ধার করা হয়। শুক্রবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষায় নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স: শিক্ষামন্ত্রী

বাকেরগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন বলেন, স্কুল ফিডিং কর্মসূচির খাবার আত্মসাতের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক রেশমা আক্তার দাবি করেন, বিদ্যালয়ের পরিচালনা কমিটি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে বিরোধের জেরেই তার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। পরে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!