তিন মাসের মধ্যে পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

পুরোনো নথি আর্কাইভে, ডি-নথির ব্যবহার বাড়াবে জাতীয় বিশ্ববিদ্যালয়
পুরোনো নথি আর্কাইভে, ডি-নথির ব্যবহার বাড়াবে জাতীয় বিশ্ববিদ্যালয়|ছবি: জিটি সম্পাদিত

আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। একই সঙ্গে পুরোনো নথি আর্কাইভে নেওয়া এবং ডি-নথির ব্যবহার আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কর্মকর্তাদের কারিগরি ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পেপারলেস ও ক্যাশলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে ‘Enhance Technical and Administrative Skills for National University Officials’ শীর্ষক প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ১৮৩ জন কর্মকর্তাকে সনদ দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় পেপারলেস হচ্ছে। ডি-নথিতে যারা মাস্টার ট্রেনার আছেন, তাঁদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। পুরোনো নথিগুলো আর্কাইভে নিয়ে যাব। এ ধরনের প্রশিক্ষণ চলতে থাকবে।”

তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমেও পরিবর্তন আনতে হবে। কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগাতে পারলে দাপ্তরিক কাজের গতি বাড়ার পাশাপাশি স্বচ্ছতাও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১০ অক্টোবর পর্যন্ত

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ্ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন। প্রশিক্ষণ সম্পন্ন করা কর্মকর্তাদের হাতে সনদপত্র তুলে দেন উপাচার্য ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ কামাল হাছানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!