বন্যা পরিস্থিতির কারণে আগামী বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব স্কুল-কলেজ, প্রতিটি ক্লাসরুমে বসবে সিসিটিভি ক্যামেরা
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত সব জেলার আগামী ৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত থাকবে।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বাকি সব জেলায় ৮ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

