এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন আগামী ১১ আগস্ট থেকে শুরু হবে। শনিবার (৮ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত। আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
আরও পড়ুন: আগস্ট-সেপ্টেম্বর দুই মাসে শিক্ষাপ্রতিষ্ঠান ২৩ দিন বন্ধ
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করতে পারবে। এজন্য ওয়েবসাইটের ‘রেজাল্ট’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে হবে।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা বোর্ডগুলোর কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবেন। এছাড়া মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে।
এসএমএসে ফল জানতে যেকোনো মোবাইল নম্বর থেকে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে বার্তা পাঠাতে হবে। ১৬১৪০ নম্বরে ‘SSC’ লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং সবশেষে স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে—‘SSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠালে ফলাফল জানা যাবে।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা কোনো পত্রিকা কার্যালয় থেকে পরীক্ষার ফলাফল সরবরাহ করা হবে না।
এদিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে সোমবার (১০ আগস্ট) শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে ফলাফল হস্তান্তর করবেন।

