চলতি বছরের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী ফেল করা ৩১২টি প্রতিষ্ঠানকে শোকজ করছে শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাওয়া হবে।
সন্তোষজনক জবাব না পাওয়া গেলে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।
শতভাগ ফেল করা অধিকাংশ প্রতিষ্ঠানের চিত্রও প্রায় একই। এসব প্রতিষ্ঠান থেকে ১৫ জনের কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন। আবার কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র একজন।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু ১৬ আগস্ট
শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের প্রায় ৭২ শতাংশই মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শোকজ করা হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রতিষ্ঠানের অবহেলা কিংবা নিজেদের কোনো সমস্যার কারণে এমন ফলাফল হয়ে থাকলে অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

