মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বর্তমান দক্ষতা যাচাই এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ওপর প্রশিক্ষণের প্রাথমিক প্রভাব মূল্যায়নের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)। এ লক্ষ্যে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে। এ কার্যক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মাউশির লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় এ সমীক্ষা পরিচালিত হচ্ছে। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: বিইউপিতে জনস্বাস্থ্য বিষয়ে মাস্টার্সে ভর্তি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
চিঠিতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত লেইস প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য হলো, মাধ্যমিক শিক্ষকদের প্রাথমিক দক্ষতার স্তরের তুলনায় দক্ষতা ১৫ শতাংশ বৃদ্ধি করা।
এই লক্ষ্য বাস্তবায়নে প্রকল্পের আওতায় মাধ্যমিক শিক্ষকদের জন্য দীর্ঘমেয়াদি ও মধ্যমেয়াদি বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষকদের বিদ্যমান দক্ষতার অবস্থা নিরূপণে বেসলাইন সমীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে প্রশিক্ষণ গ্রহণকারী শিক্ষকদের ক্ষেত্রে এসব কার্যক্রমের প্রাথমিক প্রভাব কতটা পড়েছে, তা-ও মূল্যায়ন করা হবে।
আরও পড়ুন: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩ পদে চাকরি, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত
মাউশির নির্দেশনা অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিনিধিরা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করবেন। শিক্ষকদের দক্ষতা নির্ধারণ এবং প্রশিক্ষণের প্রাথমিক ফলাফল মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হবে।
সমীক্ষার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে স্কুল, কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের তথ্য সংগ্রহে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মাউশির আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের আইইআরের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বলা হয়েছে।

