এক ঈদের ছবিতে জুটি বেঁধে দর্শকের প্রশংসা পাওয়ার পর এবার আরও ভিন্ন এক গল্পে ফিরছেন শরিফুল রাজ ও সাবিলা নূর। তানিম নূরের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমায় আবারও একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।
তবে এবার গল্পটা স্রেফ প্রেমের নয়। টাইম-ট্রাভেল, রোমান্স ও মিস্ট্রি—তিন উপাদানের মিশেলে তৈরি হবে সিনেমাটি। আর এই ছবির মধ্য দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তরুণ নির্মাতা জুটি আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার-এর।
আরও পড়ুন: হঠাৎ নববধূর সাজে মিষ্টি জান্নাত, জানালেন ‘বিয়ে করলাম’
নির্মাতারা বলছেন, সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্যের এক ভিন্ন যাত্রার মধ্য দিয়ে দর্শককে পরিচিত গল্প বলার কাঠামোর বাইরে নিয়ে যেতে চান তারা। অর্থাৎ প্রচলিত প্রেমের গল্পের বদলে সিনেমাটি দর্শকদের সামনে হাজির করবে ভিন্ন ধরনের এক অভিজ্ঞতা। ‘কানাভুলা প্যারাডক্স’-এর গল্পের মূল অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস থেকে। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে সিনেমাটির শুটিং।
এরপর ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। এই ছবির নির্মাতা আয়মান আসিব স্বাধীন এর আগে তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং সিনেমা ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন। অন্যদিকে সুস্ময় সরকার এই তিনটি কাজেই গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে যুক্ত ছিলেন।
আরও পড়ুন: কানাডায় বাংলা সিনেমার নতুন যাত্রা, জায়েদ খানের ‘ভায়োলেন্স’
‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যের পর এবার নতুন নির্মাতার জুটিকে সামনে রেখে আরও এক ধাপ এগোতে চাইছে প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ। প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র হিসেবে আসছে ‘কানাভুলা প্যারাডক্স’।

