এক ফ্রেমে ফজর-বহর-নহর, ফিরল ‘হাড় কিপ্টে’র স্মৃতি

জ

জিটি ডেস্ক

প্রকাশ:

এক ফ্রেমে শামীম জামান, চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান
এক ফ্রেমে শামীম জামান, চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান|ছবি: সংগৃহীত

একসময় টেলিভিশনের পর্দায় তিন ভাই ফজর, বহর ও নহরের কাণ্ডকারখানা নিয়ে ব্যস্ত থাকতেন দর্শক। জনপ্রিয় ধারাবাহিক ‘হাড় কিপ্টে’-র এই তিন চরিত্রে অভিনয় করেছিলেন শামীম জামান, চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান। দীর্ঘদিন পর তিন অভিনেতাকে আবারও এক ফ্রেমে দেখে সেই ধারাবাহিকের স্মৃতি ফিরে এসেছে দর্শকদের।

সম্প্রতি তিনজনের একটি ছবি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন আ খ ম হাসান। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘তিনজন একই বাড়িতে থাকার অনুভূতি।’ ছবিটি প্রকাশের পর মন্তব্যের ঘরে অনেকেই ‘হাড় কিপ্টে’র ফজর, বহর ও নহরের কথা উল্লেখ করেন। কেউ কেউ এই তিন চরিত্রকে আবারও একসঙ্গে পর্দায় দেখতে চাওয়ার কথাও জানিয়েছেন।

আরও পড়ুন: ২ অক্টোবর আসছে স্টার সিনেপ্লেক্সে ‘ডিগার’ ও ‘রেসিডেন্ট ইভিল’

বৃন্দাবন দাসের রচনায় সালাউদ্দিন লাভলুর পরিচালনায় নির্মিত ‘হাড় কিপ্টে’ ছিল ১০৬ পর্বের ধারাবাহিক। গল্পের কেন্দ্রীয় চরিত্র নজর আলীর তিন ছেলে ফজর, বহর ও নহর। পরিবারের কৃপণতা, পারিবারিক দ্বন্দ্ব ও নানা হাস্যরসের ঘটনা ঘিরে এগিয়েছে নাটকের গল্প। ফজর চরিত্রে শামীম জামান, বহর চরিত্রে চঞ্চল চৌধুরী এবং নহর চরিত্রে আ খ ম হাসানের অভিনয় দর্শকের কাছে বিশেষভাবে পরিচিতি পেয়েছিল। পাশাপাশি মোশাররফ করিমের গোল্লা চরিত্রও নাটকটিতে যোগ করেছিল আলাদা মাত্রা।

‘হাড় কিপ্টে’র সঙ্গে প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন শামীম জামান। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান শরৎ টেলিফিল্মের ব্যানারেই নির্মিত হয়েছিল ধারাবাহিকটি। নতুন কাজের ব্যস্ততায় তিন অভিনেতাকে একসঙ্গে কমই দেখা যায়। তাই সাম্প্রতিক এই ছবিটি প্রকাশের পর পুরোনো দর্শকদের মধ্যে ‘হাড় কিপ্টে’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!