২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষায় বিষয় কমানোর কথা ভাবছে সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

এসএসসি পরীক্ষার কেন্দ্র
এসএসসি পরীক্ষার কেন্দ্র|ছবি: সংগৃহীত

আগামী বছর থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় বিষয়সংখ্যা কমানোর কথা ভাবছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বুধবার (২৫ মার্চ) এ নিয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করেছেন।

তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। তিনি বলেন, ‘এ নিয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি আরও বলেন, ‘এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলে মন্ত্রী ব্রিফ করবেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হবে। মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবেই জানাবে।’

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী এদিন বিকেলে বলেন, ‘এ বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

তবে ‎বিষয় কমানোর চিন্তার কারণ জানতে চাইলে দুই শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কেউই কোনো মন্তব্য করেননি।

এছাড়া সভায় সব বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষা একই প্রশ্নে নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও তুলে ধরেন আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির।

অন্যদিকে, এই সভার বরাতে কিছু সংবাদমাধ্যম ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার আলোচনার কথা দাবি করলেও সেগুলোকে বিভ্রান্তিকর তথ্য বলে মন্তব্য করেছেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান।‎ এ নিয়ে জানতে চাইলে খন্দোকার এহসানুল কবির বলেন, ‘এইটা কী বলেন? এইটা হয় নাকি?’ তিনি স্পষ্টত জানান, সার্বিক বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!