বৈরী আবহাওয়া ও বন্যার কারণে চট্টগ্রামের তিন কেন্দ্রে ডিপ্লোমা পরীক্ষা স্থগিত
বৈরী আবহাওয়া, টানা বর্ষণ এবং চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামের তিনটি পরীক্ষাকেন্দ্রে বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিতব্য ডিপ্লোমা বোর্ড সমাপনী পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে দেশের অন্যান্য জেলার সব নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী আবুল আল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: এইচএসসি পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র ব্যবস্থাপনায় নতুন নির্দেশনা
কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চেয়ারম্যানের অনুমোদনক্রমে শুধুমাত্র কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট চট্টগ্রাম, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট চট্টগ্রাম এবং টেক্সটাইল ইনস্টিটিউট চট্টগ্রাম কেন্দ্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব কেন্দ্রে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রমের ২০২৫ সালের (বিজোড় পর্ব) বোর্ড সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বোর্ড আরও জানিয়েছে, চট্টগ্রামের ওই তিনটি কেন্দ্র ছাড়া দেশের অন্যান্য জেলার নির্ধারিত সব কেন্দ্রে পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই সেলসম্যান নিয়োগ দেবে লোটো, আবেদন এসএসসি পাসেই
এর আগে, বন্যা পরিস্থিতির অবনতির কারণে বুধবার (৮ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, টানা ভারী বৃষ্টি ও বন্যাজনিত পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে নির্ধারিত পরীক্ষাগুলো স্বাভাবিক নিয়মেই অনুষ্ঠিত হয়েছে।

