ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাজিল (পাস) পরীক্ষা-২০২৫ আগামীকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে দেশের সব পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন এবং পরীক্ষা চলাকালে সেগুলো সচল রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়। এ বিষয়ে সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: ৪ থেকে ৮ বছর বয়সী মেয়েদের টিকাদানে ডব্লিউএইচওর বার্তা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে একযোগে ৩৪২টি কেন্দ্রে ফাজিল (পাস) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কক্ষ, কেন্দ্রের অভ্যন্তর এবং পরীক্ষার্থীদের চলাচলের পথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। একই সঙ্গে পরীক্ষা চলাকালে ক্যামেরাগুলো সচল রাখার জন্য সব কেন্দ্র সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

