ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ (সম্মান) স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৩০ এপ্রিল ডি ইউনিট এক বিজ্ঞপ্তিতে বলেছে, গুচ্ছ পরীক্ষার পাশাপাশি নিজস্ব পদ্ধতিতে ডি ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা (১১ এপ্রিল) সম্পন্ন হয়েছে। এই ইউনিটে ৩৩০টি আসনের বিপরীতে আল–কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল–হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আসন সংখ্যা ৮০টি করে এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৯০টি আসন রয়েছে।
আরও পড়ুন: নকল বাথরুমে পেলেও প্রতিষ্ঠানপ্রধানকে জবাবদিহি করতে হবে: শিক্ষামন্ত্রী
বিজ্ঞপ্তি সূত্রে, ১২ এপ্রিল (২০২৬) প্রকাশিত ফলের ভিত্তিতে প্রথম মেধাতালিকায় নির্বাচিত প্রার্থীদের ১০ থেকে ১২ মে পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে। নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ডি ইউনিট সমন্বয়কারী কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকারে উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথা তাঁদের মনোনয়ন বাতিল বলে গণ্য হবে।
এ ছাড়া প্রথম মেধাতালিকার ভর্তির কার্যক্রম শেষে বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা ১৪ থেকে ১৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। পরবর্তী সময়ে আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় মেধাতালিকার প্রার্থীদের সাক্ষাৎকার ২২ থেকে ২৩ মে পর্যন্ত গ্রহণ করা হবে। একইভাবে সাক্ষাৎকারে উত্তীর্ণদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আরও পড়ুন: এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
যেসব কাগজপত্রসহ প্রার্থীদের সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে—
–পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র।
–এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ ও নম্বরপত্র।
–রেজিস্ট্রেশন কার্ড, মার্কশিট ও সার্টিফিকেট বা সবশেষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশংসাপত্র।
–সদ্য তোলা (৮ কপি) পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
এ ছাড়া ভর্তিসংক্রান্ত যেকোনো পরিবর্তন বা পরবর্তী নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

