দেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং জনবল সংকট দূর করতে শিগগিরই ৫ হাজার চিকিৎসক ও ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার। ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা ও জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও কার্যকর ও সহজলভ্য করতেই এই বৃহৎ নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত জানিয়েছেন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে নতুন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবার মান ও প্রাপ্যতা বাড়বে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ইউনিয়ন ও শহরের প্রতিটি ওয়ার্ডে ‘প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট’ স্থাপন করা হবে। উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করে সেখানে আইসিইউ সুবিধা, জরুরি বিভাগ, ইনডোর-আউটডোর চিকিৎসা, আধুনিক প্যাথলজি এবং নারী ও পুরুষ ফিজিওথেরাপিস্ট নিয়োগের ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: আলিম পরীক্ষা সুষ্ঠু করতে ‘কন্ট্রোল রুম’ চালু করল মাদ্রাসা বোর্ড
এদিকে, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার জানিয়েছেন, আগামী তিন থেকে চার বছরের মধ্যে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে। এছাড়া আগামী ছয় মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা বিভাগে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যখাতের উন্নয়নে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৬৯ হাজার ৩০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। সরকারের আশা, নতুন নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর চাপ কমবে এবং মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।

