বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (একাডেমিক) পদে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চিকিৎসা শিক্ষা-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে উপসচিব রাহেলা রহমত উল্লাহ সই করেন। এতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮-এর ১৫(১) ধারা অনুযায়ী বিএমইউয়ের রেজিস্ট্রার ও রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামকে উপ-উপাচার্যের (একাডেমিক) শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপ-উপাচার্য (একাডেমিক) হিসেবে তার মেয়াদ হবে চার বছর এবং তিনি আইনটির ১৫(২) ধারা অনুযায়ী দায়িত্ব পালন করবেন। এ পদে থাকাকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক নজরুল ইসলাম। এছাড়া চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে তিনি রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৩ সালে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করে ২০১২ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
অধ্যাপক নজরুল ইসলাম বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। পরে তৎকালীন বিএসএমএমইউ (বর্তমান বিএমইউ) থেকে এমফিল ও এমডি ডিগ্রি অর্জন করেন এবং বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স থেকে এফসিপিএস ডিগ্রি লাভ করেন। দেশে-বিদেশে তার একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

