ডেঙ্গু থেকে সুরক্ষায় মশারি টাঙিয়ে ঘুমানোর পাশাপাশি ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লম্বা করে লুঙ্গি পরার বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় ১০ শতাংশ শয্যা খালি রাখা এবং সরকারের নির্ধারিত হারে পরীক্ষা করার জন্য বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলামের নোটিশের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, মানুষকে ফুলহাতা শার্ট, পাজামা কিংবা লুঙ্গি লম্বা করে পরতে উদ্বুদ্ধ করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রায় দেড় মাস আগে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মালিকদের ডেকে সরকারের সিদ্ধান্ত জানানো হয়েছে এবং হাসপাতাল মালিকরা তা বাস্তবায়নে সম্মতি দিয়েছেন।
আরও পড়ুন: দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার
তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোকে তাদের মোট শয্যার ১০ শতাংশ খালি রাখতে হবে। পাশাপাশি সরকার যে হারে এন্টিজেন পরীক্ষা করছে, একই হারে ডেঙ্গু রোগীদের পরীক্ষা করতে হবে। এর বাইরে অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না। এ বিষয়ে সব হাসপাতাল মালিক সম্মতি দিয়েছেন।
সংসদ সদস্য মো. নূরুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবা সম্প্রসারণ এবং সমন্বিত মশক নিধন কার্যক্রম জোরদারে সরকারের পরিকল্পনা সম্পর্কে জানতে চান। একই সঙ্গে হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা, আইসিইউ, পরীক্ষা, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক-নার্স নিশ্চিত করার দাবি জানান।
জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ডেঙ্গুর এনএস১ পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে। এছাড়া আইজিজি ও আইজিএম পরীক্ষার ফি ৩০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি জানান, কেন্দ্রীয়ভাবে বর্তমানে এক লাখ ছয় হাজার ৬০০টি আরডিটি কিট মজুদ রয়েছে। আগামী এক মাসের মধ্যে আরও প্রায় পাঁচ লাখ কিট মজুদে যুক্ত হবে। এছাড়া ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত এক লাখ স্যালাইন ব্যাগও সংরক্ষণ করা হয়েছে।
আরও পড়ুন: সংসদ ভবনের সামনে থেকে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরিয়ে দিল পুলিশ
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় পর্যাপ্ত স্যালাইন পাঠানো হয়েছে। প্রয়োজন হলে আরও স্যালাইন সরবরাহের সক্ষমতা সরকারের রয়েছে।
তিনি আরও জানান, রোগীর চাপ বৃদ্ধি পেলে ব্যবহারের জন্য মোবাইল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে।
দেশের ১২টি জেলায় ১০ শয্যার আইসিইউ চালু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১৫ দিনের মধ্যে আরও পাঁচটি জেলায় আইসিইউ চালু করা হবে।
ডেঙ্গু প্রতিরোধে গত দুই মাস ধরে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, এ কার্যক্রমে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, সিভিল সার্জন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা পূর্ণবয়স্ক মশা নিধনে স্প্রে এবং মশার লার্ভা ধ্বংসে ট্যাবলেট ব্যবহার করছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

