দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে তিন শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও চারজন।
এ সময় নতুন করে ১ হাজার ২১৫ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৯ হাজার ৫৪৯ জনের মধ্যে এ ধরনের উপসর্গ পাওয়া গেছে।
শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনের সময়কাল ধরা হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত।
আরও পড়ুন: সরকারি ছুটি বাড়ল একদিন, জারি পরিপত্র
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, একই সময়ে ১৭২ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে করে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৩১ জনে।
একই সময়সীমায় হামে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। অন্যদিকে, সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬০ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৯৯ জন।
আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
এ পর্যন্ত, অর্থাৎ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৭০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৫২৭ জন।

