সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে মৃতদের কারও শরীরে হাম শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৫৯ জন।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪১ জন। আর গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে।
আরও পড়ুন: হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী পাওয়া গেছে ১১৮ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৯৩৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৫০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৫ জন।
এছাড়া, একই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন ৩১ হাজার ৯৯২ জন।

