বিশ্বের সব দেশকে সতর্ক করল ইরান

জিটি ডেস্ক

প্রকাশ:

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি ও নিন্দনীয়
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি ও নিন্দনীয়|ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বিশ্বের সব দেশকে সতর্ক করেছে ইরান। দেশটি জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা থেকে বিরত থাকতে সব দেশ বাধ্য। কেউ যদি এসব নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করে, তাহলে তাদেরও যুক্তরাষ্ট্রের মতোই অপরাধী হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (২৮ আগস্ট) এক সতর্কবার্তায় বলেছে, কোনো দেশ নিষেধাজ্ঞা কার্যকরে সহায়তা করলে একটি দেশের অবৈধ ইচ্ছা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার দায়ে তাদেরও দায়ী হতে হবে।

আরও পড়ুন: মক্কা চুক্তিতে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এক্সে দেওয়া এক বার্তায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা বেআইনি ও নিন্দনীয়। তাদের ভাষ্য, এটি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সমতুল্য এবং মানবতাবিরোধী অপরাধ। এসব নিষেধাজ্ঞা ইরানের লাখ লাখ মানুষের জীবনযাত্রা ও স্বাস্থ্যকে অত্যন্ত ঝুঁকির মধ্যে ফেলবে বলেও জানিয়েছে তারা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক হামলা থেকে নিজেদের রক্ষায় সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে ইরান।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অমান্য করে যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করবে, তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!