দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা ডেনমার্কের

জিটি ডেস্ক

প্রকাশ:

`ডেনমার্ককে ইসলামিকরণের কোনো সুযোগ নেই‘
`ডেনমার্ককে ইসলামিকরণের কোনো সুযোগ নেই‘|ছবি: সংগৃহীত

ক্রমবর্ধমান `ইসলামিকরণ‘ রোধে দেশজুড়ে আজান সম্প্রচার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ডেনমার্ক। স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের এই দেশটির অভিবাসনমন্ত্রী মর্তেন বোদস্কভ সম্প্রতি এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

ড্যানিশ সংবাদ সংস্থা রিৎজাউকে দেওয়া ওই সাক্ষাৎকারের ইংরেজি সংস্করণ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল ও ডেইলি টেলিগ্রাফ।

সাক্ষাৎকারে বোদস্কভ বলেন, ক্রমবর্ধমান `ইসলামিকরণ‘ ডেনমার্কের জনপরিসরে ক্রমেই বেশি প্রভাব ফেলছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশ মুসলিম এবং তারা এখন ডেনমার্কের বৃহত্তম সংখ্যালঘু জনগোষ্ঠী।

তিনি বলেন, ডেনমার্কের বাড়িঘরের ছাদ থেকে আজানের আহ্বান শোনা যাওয়া উচিত নয়।

আরও পড়ুন: তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

এমন এক সময়ে অভিবাসনমন্ত্রী এ মন্তব্য করলেন, যখন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নেতৃত্বে দেশটি অভিবাসন নীতি আরও কঠোর করছে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যদেশগুলোর মধ্যে ডেনমার্কের অভিবাসন নীতিকে সবচেয়ে কঠোরগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।

তবে দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা বাস্তবায়নে সরকারের সামনে আইনি বাধা রয়েছে। কারণ ডেনমার্কের সংবিধানে নাগরিকদের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার স্বীকৃত। সমালোচকদের মতে, এ ধরনের পদক্ষেপ একটি নির্দিষ্ট ধর্মকে অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু করবে এবং ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের শামিল হতে পারে।

আরও পড়ুন: কালো তালিকাভুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি লড়াইয়ে আলিবাবা

তবে বিশ্লেষকদের একটি অংশের মতে, সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপজুড়ে অভিবাসীবিরোধী মনোভাব উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় সরকারের এই উদ্যোগ বড় ধরনের রাজনৈতিক সমর্থন পেতে পারে। একই সঙ্গে আজান ও হিজাব পরিধানের মতো ইসলামি অনুশীলনও বিভিন্ন দেশে সমালোচনার মুখে পড়েছে।

এর আগে ২০২৬ সালের শুরুতে পার্লামেন্টে আইন পাস করে দেশজুড়ে মুখঢাকা হিজাব-নেকাব নিষিদ্ধ করে ডেনমার্ক সরকার।

আরও পড়ুন: মালয়েশিয়ায় আরও বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ প্রধানমন্ত্রীর

রিৎজাউকে দেওয়া সাক্ষাৎকারে বোদস্কভ আরও বলেন, ডেনমার্ককে ইসলামিকরণের কোনো সুযোগ নেই। ডেনমার্কে ঘুরে বেড়ানোর সময় যদি আপনার মনে হয় আপনি ইসলামাবাদের কোনো উপশহরে এসে পড়েছেন, তাহলে সেটি বড় সমস্যা। [সূত্র: দ্য ডেইলি টেলিগ্রাফ]

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!