মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল পরিষেবা কর আরোপ করলে সংশ্লিষ্ট দেশের যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব ধরনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে ট্রাম্প নির্ধারিত ৪ জুলাইয়ের সময়সীমা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো পূরণ করার মাত্র একদিন পর শুক্রবার তিনি এ হুমকি দেন। এতে আটলান্টিকের দুই পাড়ের বাণিজ্য উত্তেজনা আরও বেড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘‘কয়েকটি ইউরোপীয় দেশ মার্কিন বিভিন্ন কোম্পানির ওপর ডিজিটাল পরিষেবা কর কার্যকরের বিষয়ে আলোচনা করছে। এর মধ্যে কিছু দেশ এটি বাস্তবে রূপ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।’’
তিনি বলেন, ‘‘কোনও দেশ যদি এই ধরনের কর আরোপ করে, তাহলে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের যে কোনও এবং সমস্ত পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে।’’
আরও পড়ুন: বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
ট্রাম্পের দাবি, এ ধরনের নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বা ভবিষ্যতের যেকোনও বাণিজ্য চুক্তিকে বাতিল কিংবা অকার্যকর করে দেবে, চুক্তি কার্যকর থাকুক, স্বাক্ষরিত হোক বা না হোক।
এর মধ্যে গত বছর যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে স্বাক্ষরিত চুক্তিটিও অন্তর্ভুক্ত থাকবে। ওই চুক্তি অনুযায়ী, ইইউভুক্ত দেশগুলো মার্কিন শিল্পপণ্যের ওপর শুল্ক শূন্যে নামানোর বিনিময়ে ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের সর্বোচ্চ হার ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল।
তবে চুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নে ইইউর দীর্ঘ আইনি প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে এর আগে ইউরোপ থেকে আমদানি করা গাড়িসহ বিভিন্ন পণ্যের ওপর আবারও ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এরপর আগামী ৪ জুলাইয়ের মধ্যে চুক্তির সংশোধন বাস্তবায়নে সময়সীমা পূরণের লক্ষ্যে তৎপরতা শুরু করেন ইইউর আইনপ্রণেতারা।
আরও পড়ুন: নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নবাগত কেপ ভার্দে
বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ট্রাম্পের চাপের কাছে ফ্রান্স মাথা নত করবে না। পাশাপাশি মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানগুলোর ওপর আরোপিত ডিজিটাল করও প্রত্যাহার করা হবে না। এই করের আওতায় অনলাইন মার্কেটপ্লেস ও বিজ্ঞাপন থেকে অর্জিত আয় অন্তর্ভুক্ত রয়েছে।
ফ্রান্সে ওই সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, প্যারিস যদি ডিজিটাল কর প্রত্যাহার না করে, তাহলে ফরাসি মদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প থাকবে না।
আরও পড়ুন: নকআউট পর্বে ফ্রান্স-নরওয়ের প্রতিপক্ষ কারা
২০১৯ সাল থেকে ফ্রান্সে যেসব প্রতিষ্ঠানের দেশটিতে বার্ষিক আয় ২ কোটি ৫০ লাখ ইউরো এবং বিশ্বব্যাপী আয় ৭৫ কোটি ইউরোর বেশি, তাদের ডিজিটাল পরিষেবা থেকে অর্জিত আয়ের ওপর ৩ শতাংশ কর আরোপ করা হচ্ছে। গত বছর ফরাসি আইনপ্রণেতারা এই কর দ্বিগুণ করে ৬ শতাংশ করার প্রস্তাব দেন।
দীর্ঘদিন ধরেই ফ্রান্স, ব্রিটেন, অস্ট্রিয়া, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশকে ডিজিটাল পরিষেবা কর আরোপের জবাবে প্রতিশোধমূলক শুল্ক আরোপের হুমকি দিয়ে আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় (ইউএসটিআর)। সংস্থাটির দাবি, এ ধরনের কর বিশ্ববাজারে নেতৃত্ব দেওয়া মার্কিন কোম্পানিগুলোর প্রতি বৈষম্যমূলক আচরণের শামিল। [সূত্র: রয়টার্স]

