অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহর ও গ্রামগুলোতে গাজার বেইত হানুনের মতো সামরিক অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
শুক্রবার (২৫ জুলাই) এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পশ্চিম তীরে যেসব ফিলিস্তিনি ইসরায়েলিদের ওপর হামলা চালায়, তাদের শহর ও গ্রামকে ‘গাজার বেইত হানুনের মতো’ পরিণতির মুখোমুখি করা উচিত।
তিনি আরও বলেন, হামলায় জড়িত ফিলিস্তিনি ও তাদের সমর্থকদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ দিতে তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবেন। তার দাবি, প্রত্যেক নিহত ইহুদির বিনিময়ে শত্রুপক্ষকে জমি ও বাড়িঘরের ক্ষতি বহন করতে হবে।
আরও পড়ুন: ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করল ৪ দেশ
পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুসের দক্ষিণ-পশ্চিমে তেল শহরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযানে চার ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনার পরই তিনি এ মন্তব্য করেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনায় চারজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, অবৈধ হাভাত গিলাদ বসতির কাছে বন্দুক হামলায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ২১ জন নিহত হয়েছেন বসতি স্থাপনকারীদের হামলায়।

