হরমুজ প্রণালি ও ইরানের বন্দরগুলোকে কেন্দ্র করে চলমান অবরোধের অংশ হিসেবে ইরানের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী এ অভিযান পরিচালনা করে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ অভিযান চালিয়ে ‘এম/টি স্ট্রিম’ নামের ট্যাংকারটিকে থামায়।
সেন্টকমের দাবি, জাহাজটি অবরোধ উপেক্ষা করে ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, ট্যাংকারটিকে সর্বশেষ মালাক্কা প্রণালির কাছে শনাক্ত করা হয়েছিল। এর আগে একই ধরনের ঘটনায় ইরান-সম্পর্কিত তেলবাহী জাহাজ মাঝসমুদ্রে আটক করাকে ‘জলদস্যুতা’ ও ‘সশস্ত্র ডাকাতি’ হিসেবে আখ্যা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সর্বশেষ ঘটনার বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: মিডল ইস্ট আই

