ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোলের দাম প্রায় ৯ লাখ রিয়াল

জিটি ডেস্ক

প্রকাশ:

প্রতি লিটার উন্নতমানের পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৯৭ হাজার রিয়াল
প্রতি লিটার উন্নতমানের পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৯৭ হাজার রিয়াল|ছবি: সংগৃহীত

আগামী ১৯ আগস্ট ইরান জ্বালানি এক্সচেঞ্জে ২ লাখ ৪০ হাজার লিটার পেট্রোল বিক্রি করবে। এসব পেট্রোল অন্য দেশ থেকে আমদানি করা উন্নতমানের। প্রতি লিটার উন্নতমানের পেট্রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৯৭ হাজার রিয়াল, যা মার্কিন ডলারে মাত্র ০ দশমিক ৪৮ ডলার।

রবিবার (১৬ আগস্ট) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ইরনা নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব পেট্রোলের সর্বনিম্ন দাম হবে ৮ লাখ ৫২ হাজার ১৫০ রিয়াল এবং সর্বোচ্চ দাম ৯ লাখ ৪১ হাজার ৮৫০ রিয়াল।

২০২৫ সালের নভেম্বরে প্রথমবার আমদানিকৃত পেট্রোল বিক্রি করে ইরান। তখন প্রতি লিটার পেট্রোলের দাম ছিল ৬ লাখ ৫৮ হাজার রিয়াল।

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধের প্রভাব পড়েছে ইরানের অর্থনীতিতে। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন দেশটির অনেক মানুষ।

রাজধানী তেহরানের বাসিন্দা সাঈদ নিজের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে হতভম্ব। একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। তবে বর্তমানে যে বেতন পান, তা দিয়ে সংসার চালাতে হচ্ছে। এখন আরও ভালো বেতনের চাকরি খুঁজছেন তিনি।

আরও পড়ুন: মোংলা নদীতে নির্মাণ হবে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু

সংবাদমাধ্যম আলজাজিরাকে ২৬ বছর বয়সী সাঈদ বলেন, বর্তমানে চাকরির বাজারও বেশ খারাপ। অনেকেই চাকরি খুঁজেও পাচ্ছেন না। তিনি বলেন, “অনলাইন বা সরাসরি—যেখানেই হোক না কেন, চাকরির বাজারের বর্তমান হালচালের দিকে একবার তাকালেই বুঝতে পারবেন কেন আজকালকার অনেক তরুণ-তরুণী কাজের খোঁজে বের হওয়াটাকেও আর অর্থহীন মনে করে।”

সাঈদ জানান, শিক্ষকতা, ক্যাশিয়ার ও বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এখন মাসে ২০০ মিলিয়ন ইরানি রিয়াল বা ১০৭ ডলার বেতন পান। আবার কিছু চাকরিতে মাসিক বেতন দেওয়া হয় ১৬৬ মিলিয়ন রিয়াল বা মাত্র ৮৮ ডলার। বাংলাদেশি অর্থে এ বেতন ১৫ হাজার টাকারও কম।

আলজাজিরা জানিয়েছে, একজন সাধারণ কর্মী সরকারি সহায়তা ও মাসিক বেতনসহ যে অর্থ পান, তা থেকে মাত্র ১ কেজি ভেড়ার মাংস কিনতেই তার মাসিক আয়ের ১০ শতাংশ চলে যাবে। আর ১০ কেজি ইরানি চাল কিনলে মোট আয়ের পাঁচ ভাগের এক ভাগ খরচ হয়ে যাবে। এতে বোঝা যায়, দেশটিতে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কতটা বেড়েছে।

এর পাশাপাশি বাড়িভাড়াও দ্রুত বাড়ছে। বিদ্যুৎ ও গ্যাস বিল, যাতায়াত এবং চিকিৎসা খরচও আগের তুলনায় অনেক বেশি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!