যুদ্ধবিরতি ঘোষণার পরও যুক্তরাষ্ট্রে ট্রাম্পের অভিশংসনের দাবি

জিটি ডেস্ক

প্রকাশ:

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে ঘোষিত সাময়িক যুদ্ধবিরতি বর্তমান পরিস্থিতিতে কোনো বাস্তব পরিবর্তন আনতে পারেনি।

মঙ্গলবার ইরানকে দেওয়া নির্ধারিত সময়সীমার শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে।’ তার এই মন্তব্যের পরপরই বিশ্বজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

আরও পড়ুন: আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?

এর আগেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে ট্রাম্পের জনপ্রিয়তা কমতে শুরু করে। বিশ্লেষকদের মতে, বিপুল অর্থ ব্যয়ে যুদ্ধে জড়ানো এবং এর প্রভাব দেশের অর্থনীতিতে পড়ায় জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এ ছাড়া তার কর্তৃত্ববাদী শাসনধারা এবং বিভিন্ন বিতর্কিত আইন প্রণয়নও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এরই ধারাবাহিকতায় গত মাসে ‘নো কিংস’ নামে একটি বড় আন্দোলন অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৮০ লাখ মানুষ অংশ নেয়। আয়োজকদের দাবি, এত বড় জনসমাগম যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল।

আরও পড়ুন: ইরানের পারমাণবিক সমস্যার সমাধান যুদ্ধের মাধ্যমে মিলবে না: এমানুয়েল মাখোঁ

এ প্রেক্ষাপটে ডেমোক্র্যাট নেত্রী আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও ট্রাম্পবিরোধী অবস্থান জোরালো করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং এখনো সেই হুমকি বহাল রেখেছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা আর বিশ্বকে এবং আমাদের দেশের কল্যাণকে ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।’

আরও পড়ুন: হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘের ভোটাভুটি স্থগিত

ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তার মন্ত্রিসভা হোক বা কংগ্রেস—যেভাবেই হোক প্রেসিডেন্টকে সরাতে হবে। আমরা এখন বিপদের কিনারায় দাঁড়িয়ে আছি।’

উল্লেখ্য, এর আগে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের হুমকির জেরে একাধিক ডেমোক্র্যাট আইনপ্রণেতাও তাকে অপসারণের দাবি তুলেছিলেন। যুদ্ধবিরতির ঘোষণা এলেও এ বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তারা।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!