ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ১৩ জন নারী। বাকি চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন শিশু।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) চোরবাগান সার্বজনীন পূজামণ্ডপে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পরে আহত ৩৫ জনকে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় কলকাতা পুলিশ এক বিবৃতিতে জানায়, শনিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার চোরবাগান সার্বজনীন পূজামণ্ডপের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। ওই সময় ব্যাপক বৃষ্টি হওয়ায় প্যান্ডেলের ভেতরে দর্শনার্থীদের প্রচুর ভিড় জমে। একপর্যায়ে অনেকে পদদলিত হন। আহত সবাইকে উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নেওয়া হয়েছে।
পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যুর পর প্যান্ডেলটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তা সংস্থা এএনআইকে এক প্রত্যক্ষদর্শী জানান, পদদলনের সময় অনেক মানুষ জ্ঞান হারান। পরে তাঁদের মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: কক্সবাজার রিসোর্টে ভয়াবহ আগুন: তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ একই পরিবারের ছয়জনের মৃত্যু
ওই প্রত্যক্ষদর্শী বলেন, ‘প্যান্ডেলে ঢোকার গেটটি অনেক সরু ছিল, বের হওয়ার গেটটিও সরু ছিল। ওই এলাকায় কোনো লাইটিংও ছিল না। আমার মেয়ে ও নাতি আহত হয়ে হাসপাতালে আছে।’
ঘটনার ভয়াবহতার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগারওয়াল হাসপাতালে ছুটে গেছেন। এ ছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মর্মান্তিক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
অন্যদিকে, সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
মাইক্রোব্লগিং সাইট এক্সে তিনি লিখেছেন, ‘চোরবাগান পূজামণ্ডপে পদদলনের ঘটনা জানতে পেরে আমি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। আমি মা দুর্গার কাছে সব আহতের দ্রুত আরোগ্য কামনা করছি এবং হতাহতদের পরিবারের প্রতি এই শোক সহ্য করার শক্তি কামনা করছি।’
সূত্র: এনডিটিভি

