সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান

জিটি ডেস্ক

প্রকাশ:

নির্দেশনার পর দেশটির অনেক কর্মকর্তা নিজেদের স্মার্টফোন ধ্বংস করে ফেলেছেন
নির্দেশনার পর দেশটির অনেক কর্মকর্তা নিজেদের স্মার্টফোন ধ্বংস করে ফেলেছেন|ছবি: সংগৃহীত

আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান প্রশাসন। নতুন এ নির্দেশনার পর দেশটির অনেক কর্মকর্তা নিজেদের স্মার্টফোন ধ্বংস করে ফেলেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে উচ্চপদস্থ ও নিম্নপদস্থ কর্মকর্তা, সাধারণ মুজাহিদ এবং বিভিন্ন পরিষেবা খাতের কর্মীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, তালেবানের এক কর্মকর্তা নিষেধাজ্ঞার আদেশ পড়ে শোনাচ্ছেন। একই সময় আরেক কর্মকর্তা মোবাইল ফোন ভেঙে ফেলছেন।

আরও পড়ুন: বর্ষা শেষে ভোটের প্রস্তুতি, সরকারের লক্ষ্য এক বছরে সব নির্বাচন

নির্দেশনায় বলা হয়েছে, কেউ স্মার্টফোন ব্যবহার করতে ধরা পড়লে তার ফোন গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ও শরিয়াভিত্তিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা থেকে কোনো ধরনের ছাড় পেতে হলে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার লিখিত অনুমোদন বা ডিক্রি প্রয়োজন হবে।

আফগানিস্তানের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নির্দেশনাটি বর্তমানে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোথাও শুধু সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে এটি প্রয়োগ করা হচ্ছে, আবার কোথাও নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা কার্যকর করা হচ্ছে।

আরও পড়ুনঃ আলজেরিয়ার বিপক্ষে গোল করে কেঁদেছিলেন মেসি, সামনে এলো আসল রহস্য

তবে এ বিষয়ে তালেবানের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!