সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেট কার দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও দুই সদস্য। বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে রিয়াদের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছেলে তাসবিক (২০) এবং মেয়ে জারা (১৫)। আহত হয়েছেন রিনার স্বামী শফিকুল ইসলাম খোকন ও বড় ছেলে নাবিল।
তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তার স্বামীর বাড়ি কিশোরগঞ্জের ভৈরব এলাকায়।
আরও পড়ুন: এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
নিহত তানিয়ার মামাতো ভাই নাসিম আহমেদ কবীর জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তানিয়া, তার স্বামী এবং তিন সন্তান ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কার পথে রওনা হন। প্রায় ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করার পর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তানিয়া, তার ছেলে ও মেয়ে নিহত হন। এ ঘটনায় অপর দুইজন গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তানিয়া তাহমিনা রিনার ভাই তৌহিদ মোহাম্মাদ মুরাদ জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে মক্কায় যাওয়ার সময় তাদের বহনকারী প্রাইভেট কারটিকে পেছন থেকে একটি বড় যানবাহন সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নির মৃত্যু হয়। আহত অবস্থায় তার ভগ্নিপতি ও আরেক ভাগ্নেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

