সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা হুথিদের

জিটি ডেস্ক

প্রকাশ:

সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে নৌ অবরোধ আরোপের ঘোষণা
সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে নৌ অবরোধ আরোপের ঘোষণা|ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে নৌ অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে। এতে বৈশ্বিক তেল সরবরাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সোমবার (২০ জুলাই) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ ঘোষণা দেন।

গত সপ্তাহে হুথি-নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে সৌদি আরব বোমাবর্ষণ করেছে বলে অভিযোগ তোলে হুথিরা। এর জেরে তারা সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে চার বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির অবসান ঘটায়। এর ধারাবাহিকতায় ‘চোখের বদলে চোখ’ নীতির অংশ হিসেবে এবার নৌ অবরোধের ঘোষণা দেওয়া হলো।

আরও পড়ুন: ট্রাম্পকে হত্যায় ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা ইরান-সমর্থিত জোটের

হুথিদের ঘোষণার পর তাৎক্ষণিকভাবে সৌদি আরবের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকদের আশঙ্কা, লোহিত সাগরের প্রবেশমুখ বাব আল-মান্দেব প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে এশিয়ার উদ্দেশে সৌদি তেল রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। এতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহ প্রায় ৭ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

জ্বালানি বিশ্লেষকদের মতে, ইরান সংকটের প্রভাবে এরই মধ্যে বৈশ্বিক তেল সরবরাহ প্রায় ১০ শতাংশ কমেছে। এর সঙ্গে নতুন এ নৌ অবরোধ যুক্ত হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ইরানের কিশ ও কেশম দ্বীপে ফের মার্কিন হামলা

ওয়াশিংটনভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘বাশা রিপোর্ট’-এর প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলবাশা বলেন, হুথিরা সৌদি বন্দরগামী জাহাজে সরাসরি হামলা চালাবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে হামলা না হলেও এমন ঘোষণাই নৌপরিবহন খাতে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করবে এবং সৌদি বন্দরে জাহাজ চলাচলে স্থবিরতা দেখা দিতে পারে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!