ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফন আগামী ৯ জুলাই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।
শনিবার (১৩ জুন) সম্প্রচারিত এক প্রতিবেদনে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, খামেনিকে তাঁর জন্মস্থান উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে। এর আগে মার্চ মাসে দাফনের পরিকল্পনা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানে আগামী ৪ জুলাই থেকে তিন দিনব্যাপী জানাজা ও জাতীয় শোকানুষ্ঠান শুরু হবে। এরপর ৭ জুলাই পবিত্র শহর কোমে আরেকটি শোকানুষ্ঠানের আয়োজন করা হবে। সব আনুষ্ঠানিকতা শেষে ৯ জুলাই মাশহাদে তাঁকে সমাহিত করা হবে।
আয়াতুল্লাহ আলি খামেনি প্রায় ৩৭ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় তিনি নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: কুয়েত ও বাহরাইনে হামলাকে ‘আত্মরক্ষামূলক’ বলছে ইরান
এদিকে, জাতীয় শোকানুষ্ঠানের প্রথম দিন ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের সঙ্গে মিলে যাচ্ছে। এ বছর দেশটি স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে।
খামেনির মৃত্যুর পর মার্চের শুরুতে তাঁর ছেলে মোজতবা খামেনিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিয়োগ দেওয়া হয়। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর তিনি দেশটির তৃতীয় সর্বোচ্চ নেতা।
জানা গেছে, যে হামলায় আলি খামেনি নিহত হন, সেই হামলায় মোজতবা খামেনিও আহত হয়েছিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জনসমক্ষে উপস্থিত হননি। বিভিন্ন বিষয়ে তাঁর অবস্থান ও নির্দেশনা মূলত লিখিত বিবৃতির মাধ্যমেই প্রকাশ করা হচ্ছে।
সূত্র: এনডিটিভি

