তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

জিটি ডেস্ক

প্রকাশ:

বিল গেটস ও রাশিয়ান ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা
বিল গেটস ও রাশিয়ান ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা|ছবি: দ্য টেলিগ্রাফ

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তি ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস স্বীকার করেছেন যে, তিন নারীর সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। মার্কিন প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটির কাছে দেওয়া এক রুদ্ধদ্বার সাক্ষ্যে তিনি এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক প্রয়াত জেফরি এপস্টিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে তদন্তের অংশ হিসেবে ১০ জুন ওভারসাইট কমিটির সামনে জবানবন্দি দেন গেটস। মঙ্গলবার ওই সাক্ষ্যের অনুলিপি প্রকাশ করেছে কমিটি।

আরও পড়ুন: কালো তালিকাভুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি লড়াইয়ে আলিবাবা

সাক্ষ্যের শুরুতেই বিল গেটস দুই রুশ নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি তাদের নামও উল্লেখ করেন। তারা হলেন ব্রিজ খেলোয়াড় মিলা আন্তোনোভা এবং পারমাণবিক পদার্থবিদ কারিমা নিগমাতুলিনা। কয়েক ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কংগ্রেস সদস্যদের প্রশ্নের মুখে তিনি আরও এক নারী বিজ্ঞানীর সঙ্গে তৃতীয় একটি বিবাহবহির্ভূত সম্পর্কের কথাও স্বীকার করেন।

জবানবন্দিতে গেটস আবারও দাবি করেন, এপস্টিনের কোনো নিপীড়নের ঘটনা তিনি কখনো প্রত্যক্ষ করেননি। তবে এপস্টিনের সঙ্গে বিভিন্ন সময়ে সাক্ষাতের সময় অজান্তেই ভুক্তভোগীদের কাছাকাছি অবস্থান করে থাকতে পারেন বলে উল্লেখ করেন তিনি। কারণ, এপস্টিনের প্রতিষ্ঠানে কর্মরত কয়েকজন নারী ও কিশোরী পরবর্তীতে তার নির্যাতনের শিকার হিসেবে চিহ্নিত হন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় আরও বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ প্রধানমন্ত্রীর

এপস্টিনের সঙ্গে সময় কাটানোকে ‘ভুল’ বলেও উল্লেখ করেন বিল গেটস। জনহিতকর কর্মকাণ্ডের জন্য পরিচিত এই প্রযুক্তি উদ্যোক্তা চলতি বছরের ফেব্রুয়ারিতে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কর্মীদের কাছে স্বীকার করেছিলেন যে, তার দুটি বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। পরে এপস্টিনও সেসব সম্পর্কের বিষয়ে জেনে গিয়েছিলেন। তবে সে সময় এ বিষয়ে তিনি আর কোনো বিস্তারিত তথ্য দেননি।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!