ভূমধ্যসাগরে তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১৩ জন তিউনিস নাগরিক নিখোঁজ হয়েছেন। তিউনিশিয়ার মানবাধিকার সংস্থা তিউনিশিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান নির্বাহী মোস্তফা আবদেলকেবির শনিবার (২৩ আগস্ট) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মোস্তফা আবদেলকেবির জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) ১৫ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে ইতালি যাওয়ার উদ্দেশে তিউনিশিয়ার উপকূল থেকে ইঞ্জিনচালিত নৌকাটি যাত্রা শুরু করে। কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। এতে ১৩ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হন। বাকি দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৮
উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের বরাত দিয়ে তিউনিশিয়ার মানবাধিকার সংস্থাটির প্রধান জানান, ইঞ্জিন বিকল হওয়ার পর নৌকাটি ডুবে যাওয়ার আগে কয়েক ঘণ্টা সাগরে ভাসছিল।
কয়েক বছর আগেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে যেতে ইচ্ছুক অভিবাসনপ্রত্যাশীদের কাছে তিউনিশিয়ার উপকূল ছিল জনপ্রিয় একটি রুট। তবে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে তিউনিশিয়া সরকারের কঠোর অভিযান এবং ইউরোপের অর্থায়ন ও প্রযুক্তি সহায়তায় সাগরে কোস্টগার্ডের তৎপরতা বাড়ানোর ফলে গত দুই বছরে তিউনিশিয়ার উপকূল থেকে মানবপাচার অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল।
তবে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ কয়েক ডজন মানবাধিকার ও মানবিক সংস্থা গত মাসে এক বিবৃতিতে বলেছে, যে চুক্তির আওতায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তিউনিশিয়াকে অর্থ ও প্রযুক্তি সহায়তা দিচ্ছে, সেটি দেশটিতে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বিরুদ্ধে গুরুতর নির্যাতনকে উসকে দিয়েছে এবং স্বাভাবিক করে তুলেছে।
সংস্থাগুলো তিউনিশিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অভিবাসন ও সীমান্ত নিয়ন্ত্রণ কার্যক্রমে অর্থায়ন বন্ধ করতে ইইউর প্রতি আহ্বান জানিয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
তিউনিশিয়া ওই বিবৃতির বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে দেশটি বারবার বলে আসছে, তারা বড় ধরনের অভিবাসন প্রবাহের প্রধান শিকার। দেশটির প্রেসিডেন্ট কাইস সাঈদ ২০২৩ সালে বলেছিলেন, এই অভিবাসন প্রবাহের লক্ষ্য হলো দেশের জনসংখ্যার গঠন পরিবর্তন করা।
ভূমধ্যসাগরের কেন্দ্রীয় পথটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন রুট। আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অভিবাসীরা ইউরোপে পৌঁছাতে এই পথ ব্যবহার করেন। অনেক সময় তারা অতিরিক্ত যাত্রীবোঝাই বা সমুদ্রযাত্রার অনুপযোগী নৌকায় করে এই বিপজ্জনক পথ পাড়ি দেন। [সূত্র: রয়টার্স]

