হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে বন্দুক হামলার কয়েক দিন আগে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে নিয়ে করা একটি কৌতুক ঘিরে বিতর্কে জড়িয়েছেন মার্কিন টক-শো উপস্থাপক জিমি কিমেল। গত বৃহস্পতিবার নিজের অনুষ্ঠানের একটি স্কেচে তিনি মেলানিয়াকে ‘এক্সপেক্ট্যান্ট উইডো’ বা ‘সম্ভাব্য বিধবা’ বলে উল্লেখ করেন। এ মন্তব্যের জেরে কিমেলকে বরখাস্ত করার দাবি তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ওই মন্তব্যের তিন দিন পরই ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত অনুষ্ঠানে ট্রাম্প ও মেলানিয়ার উপস্থিতিতে এক বন্দুকধারীর গুলিবর্ষণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেলানিয়া ট্রাম্প কিমেলের মন্তব্যকে ‘বিদ্বেষমূলক ও সহিংস’ আখ্যা দেন এবং হোয়াইট হাউস তার সম্প্রচারকারী নেটওয়ার্ক এবিসি (ABC)-কে কিমেলকে বরখাস্তের আহ্বান জানায়।
আরও পড়ুন: হরমুজ প্রণালিতে দুই বাণিজ্যিক জাহাজে আইআরজিসির হামলা
সোমবার (২৭ এপ্রিল) নিজের অনুষ্ঠানে ফিরে কিমেল তার মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, এটি ছিল ট্রাম্প ও মেলানিয়ার বয়সের ২৩ বছরের ব্যবধান নিয়ে একটি ‘হালকা রোস্ট’ বা নিছক কৌতুক। তিনি দাবি করেন, তার বক্তব্যকে কোনোভাবেই সহিংসতায় উসকানি হিসেবে ব্যাখ্যা করা ঠিক নয় এবং তিনি বরাবরই বন্দুক সহিংসতার বিরোধিতা করে আসছেন।
এদিকে, মেলানিয়া ট্রাম্প সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেন, “কিমেলের মতো ব্যক্তিদের প্রতিদিন মানুষের ঘরে ঘরে ঘৃণা ছড়ানোর সুযোগ পাওয়া উচিত নয়।” প্রেসিডেন্ট ট্রাম্পও এ মন্তব্যকে ‘সহিংসতার আহ্বান’ হিসেবে উল্লেখ করে ডিজনি ও এবিসি কর্তৃপক্ষের কাছে কিমেলের দ্রুত বরখাস্ত দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: মালয়েশিয়া যাওয়ার পথে শতাধিক বাংলাদেশিসহ আন্দামানে ট্রলারডুবি, উদ্ধার ৯
উল্লেখ্য, গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠানে কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তি গুলি চালালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ট্রাম্প ও মেলানিয়া নিরাপদে সরে যেতে সক্ষম হন। অভিযুক্ত অ্যালেনের বিরুদ্ধে বর্তমানে প্রেসিডেন্টের ওপর হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

