দুর্গাপূজার নিরাপত্তায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ বিএনপির

জ

জিটি রিপোর্ট

প্রকাশ:

দুর্গাপূজায় ‘ঘুমহীন প্রহরী’ হয়ে দায়িত্ব পালন করবেন বিএনপির নেতাকর্মীরা
দুর্গাপূজায় ‘ঘুমহীন প্রহরী’ হয়ে দায়িত্ব পালন করবেন বিএনপির নেতাকর্মীরা|ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর করতে দেশের সব পূজামণ্ডপে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাঁদের ‘ঘুমহীন প্রহরী’র মতো সতর্ক থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়া এবং বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে চলার জন্যও নেতাকর্মীদের সতর্ক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন: ক্যানসারের সঙ্গে দুই বছরের লড়াই, ইবরার টিপুকে নিয়ে উদ্বিগ্ন কবির বকুল

রিজভী বলেন, দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন এবং সবার সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সে বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। দেশের বিভিন্ন পূজামণ্ডপে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নেতাকর্মীরা কীভাবে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করবেন, তা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোতে দলের নেতাকর্মীরা ঘুমহীন প্রহরীর মতো দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে করণীয় এবং ইতোমধ্যে নেওয়া পদক্ষেপগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

বিএনপির এই নেতা জানান, দুর্গাপূজার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে দলটি ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে কমিটি গঠন করেছে। শুক্রবার (৯ অক্টোবর) খায়রুল কবির খোকনের নেতৃত্বে একটি এবং ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়েছে। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে দলের পক্ষ থেকে আগেও বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

রিজভী আরও বলেন, দেশের বিরুদ্ধে এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে একটি মহল নানা ধরনের নীলনকশা করছে। অপপ্রচার, অপকর্ম ও ষড়যন্ত্র মোকাবিলায় সরকার কার্যকর ব্যবস্থা নিতে সক্ষম। এ পরিস্থিতিতে দলের নেতাকর্মীদেরও সব সময় সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: অফিসার ক্যাডেট নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী, আবেদন এইচএসসি পাসেই

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে দুর্গাপূজার প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের উল্লেখযোগ্য দিক, তাঁর পরবর্তী জাপান সফর, বিরোধী দলগুলোর কর্মকাণ্ড, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এবং দলীয় পুনর্গঠনের বিষয়গুলো আলোচনায় আসে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং বাজারে নজরদারি বাড়ানোর বিষয়টি আলোচনায় উঠে আসে। পাশাপাশি ব্যাংকিং খাত, রেমিট্যান্স প্রবাহ ও অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া তরুণদের মধ্যে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন: কানাডায় নতুন লুকে জায়েদ খান, চলছে ‘ভায়োলেন্স’-এর শুটিং

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এ বৈঠকে কোনো আলোচনা হয়নি। দলের জাতীয় কাউন্সিল কিংবা ছাত্রদলের কমিটি নিয়েও বর্তমানে নতুন কোনো সিদ্ধান্ত বা বার্তা নেই।

বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইসমাইল জবিউল্লাহ, আমান উল্লাহ আমান ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!