রাজধানীতে টানা ভারী বৃষ্টির কারণে তেজগাঁও রেলস্টেশনের কয়েকটি রেললাইনে পানি জমেছে। তবে এ পরিস্থিতিতে ট্রেন চলাচল বন্ধ হয়নি। যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালকদের সতর্কতার সঙ্গে এবং প্রয়োজন হলে ধীরগতিতে ট্রেন চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ।
রোববার সকাল থেকে ভারী বৃষ্টিতে তেজগাঁও রেলস্টেশনের তিনটি লাইনে পানি জমে যায়। এতে স্টেশন এলাকায় ট্রেন চলাচলে কিছুটা সময় বেশি লাগছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, উভয় দিক থেকেই ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করে পরিচালনা করা হচ্ছে। ফলে ঢাকা স্টেশন থেকে ট্রেন ছাড়তে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বিলম্ব হচ্ছে।
ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ বি এম কামরুজ্জামান বলেন, রাজধানীর কোথাও রেললাইন পানির নিচে তলিয়ে যায়নি। তেজগাঁও এলাকায় দুই-একটি স্থানে পানি জমলেও ট্রেন চলাচল বন্ধ করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
আরও পড়ুন: পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কক্সবাজার, বাড়ছে দুর্ভোগ
তিনি আরও জানান, ভারী বৃষ্টির কারণে চালকদের রেললাইন দেখে-শুনে ট্রেন চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও ঝুঁকির আশঙ্কা দেখা দিলে নির্ধারিত গতির পরিবর্তে ধীরগতিতে ট্রেন চালাতে এবং প্রয়োজনে ট্রেন থামিয়ে রেললাইন পরীক্ষা করে এরপর চলাচল করতে বলা হয়েছে।
রেল কর্মকর্তারা জানান, স্বাভাবিক সময়ে ট্রেন ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিতে চললেও বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে পরিচালনা করা হচ্ছে। ফলে কয়েকটি ট্রেনের চলাচলে কিছুটা বিলম্ব হলেও নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

