এইচএসসি পরীক্ষার্থীকে আটকে ব্ল্যাকমেইল, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আটক ৩

জিটি রিপোর্ট

প্রকাশ:

দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন আটক
দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজন আটক|ছবি: সংগৃহীত

মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর ভাটারা এলাকা থেকে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজন এইচএসসি পরীক্ষার্থী।

শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভাটারা থানার জোয়ার সাহারা বাজারসংলগ্ন একটি ভবনের পঞ্চম তলার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- সাকিব, ওয়াসিদ ও জিল। তাদের মধ্যে সাকিব ও ওয়াসিদ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পুলিশ জানায়, তারা প্রায়ই ওই বাসায় এসে মাদক সেবন করতেন। অপরদিকে জিল একজন এইচএসসি পরীক্ষার্থী।

আরও পড়ুন: বন্ধ টয়লেটের ভেতরে আটকে ছিল শিক্ষার্থী, ৯৯৯-এ উদ্ধার

আটকের আগে জিল জানান, শনিবার সকালে ওয়াসিদ তাকে জোয়ার সাহারা বাজারসংলগ্ন ওই ভবনের পঞ্চম তলার একটি বাসায় নিয়ে যান। বাসাটি সাকিবের নানার। সেখানে ওয়াসিদ, সাকিব ও জিল ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। একপর্যায়ে তারা ইয়াবা ও হেরোইন সেবন করেন।

জিলের অভিযোগ, মাদক সেবনের সময় ওয়াসিদ তার ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করা হয়। তিনি বিকাশের মাধ্যমে ওয়াসিদকে দুই হাজার টাকা পাঠান। তবে এরপরও আরও টাকা দাবি করা হলে তিনি দিতে অস্বীকৃতি জানান। এতে ওয়াসিদ ও সাকিব তার মোবাইল ফোন নিয়ে তাকে বাসার ভেতরে তালাবদ্ধ করে রাখেন বলে অভিযোগ করেন তিনি।

বাড়িটির দারোয়ান ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার বারান্দা থেকে চিৎকারের শব্দ শুনে তাদের সন্দেহ হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: পূজা চেরির নীরব বাগদান নিয়ে শোবিজে নতুন গুঞ্জন

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মওদুদ বলেন, একটি বাসায় কয়েকজন মাদক সেবন করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এক এইচএসসি পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগও পাওয়া গেছে। আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!